আজ রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ২০ বছর পর চট্টগ্রামের কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিলেন তারেক রহমান।
চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠের সমাবেশস্থলে হাজির হয়ে আঞ্চলিক ভাষায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বললেন, ‘অনারা ক্যান আছন (আপনারা কেমন আছেন)।’ এরপর মঞ্চের ওপারে থাকা নেতা-কর্মীরা ‘ভালা আছি (ভালো আছি)’ বলে উত্তর দেন। তারেক রহমান তাঁর বক্তব্যে শুরুতে বলেন, ‘আজ আমরা সবাই একত্রিত হয়েছি একটা লক্ষ্য সামনে রেখে। অর্থাৎ, একটি পরিবর্তন সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। এই সেই চট্টগ্রাম, এই সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন।
তারেক রহমান বলেন, ‘এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমি ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।’
মঞ্চে উপস্থিত আছেন চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা। মাঠে জড়ো হয়েছেন চট্টগ্রামসহ আশপাশের জেলা থেকে আসা লাখো নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।
