ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (IRIB) নিশ্চিত করেছে যে, শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) ভোরে তেহরানে নিজ কার্যালয়ে অবস্থানকালে এক যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) নিহত হয়েছেন । যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ সামরিক অভিযানটি ‘রোয়ারিং লায়ন’ (Roaring Lion) কোডনামে পরিচালিত হয়েছিল বলে জানা গেছে।
হামলার সময় খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় খামেনির পরিবারের বেশ কয়েকজন সদস্য—যাদের মধ্যে তার মেয়ে, নাতনি এবং পুত্রবধূ রয়েছেন—তারাও প্রাণ হারিয়েছেন। দেশজুড়ে চলা এই অভিযানে প্রায় ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।
খামেনির মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক পালনের জন্য ইরানে ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
ইরানের সংবিধান অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিন সদস্যের একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিল অস্থায়ীভাবে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে।
