সোমবার, মার্চ ২, ২০২৬
Homeসারাদেশরুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে মামলা

রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থক এবং স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।

২১শে ফেব্রুয়ারি দিবাগত রাতে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যান ব্যারিস্টার রুমিন ফারহানা ও তার কর্মীরা। অভিযোগ উঠেছে, সেখানে শ্রদ্ধা নিবেদনের সময় অন্য একটি পক্ষ তাদের বাধা দেয় এবং কর্মীদের ওপর অতর্কিত হামলা ও মারধর করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই হামলার প্রতিবাদে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রুমিন ফারহানার কর্মী মো. আহাদ বাদী হয়ে সরাইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টারসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। বাদীপক্ষের দাবি, শান্তিপূর্ণভাবে ফুল দিতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

প্রথম মামলাটির কয়েক ঘণ্টা পার হতে না হতেই রোববার বিকেলেই রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়। বিএনপি নেতা আনোয়ার হোসেনের কর্মচারী তামিম মিয়া বাদী হয়ে সরাইল থানায় এই মামলাটি করেন। এই মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। বাদীর অভিযোগ, রুমিন ফারহানার কর্মীরা উসকানিমূলক স্লোগান দিয়ে আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

একই দিনে দুই পক্ষের পাল্টাপাল্টি মামলায় সরাইল উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য