কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে করা বিতর্কিত ও ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জামায়াত আমিরের ‘আইডি হ্যাক’ হওয়ার দাবিকে নাকচ করে দিয়ে বলেন:
অনেকে বলছেন তাঁর আইডি হ্যাক হয়েছে। আমরা বলছি, উনার মাথা হ্যাক হয়েছে। তিনি নিজেই নিজের মুখোশ খুলে দিয়েছেন। তিনবার নির্বাচন করে সব মিলিয়ে ৪১ হাজার ভোট পেয়েছেন তিনি। এখন তাঁর নিজ এলাকার মানুষই তাঁকে গুরুত্ব দেয় না বলেই তিনি ঢাকা-১৫ আসনে নির্বাচন করতে আসছেন।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, জামায়াত আমিরের অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের ঘরের বাইরে কাজ করাকে ‘আধুনিক পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করা হয়েছে। একে চরম নারীবিদ্বেষী ও প্রগতিবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন তারা। অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তাদের আমিরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। একটি বিশেষ চক্র বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই পোস্টটি দিয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সমাবেশ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেন, নারীদের সম্মানহানি করে এমন বক্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডা. শফিকুর রহমানকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় ছাত্রসমাজ তাকে রাজপথে প্রতিহত করবে।
