আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার তিতাসে নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১১-দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
বক্তব্যের শুরুতেই হাসনাত আবদুল্লাহ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “বিগত দিনে ভোটের নামে যে প্রহসন হয়েছে, বাংলাদেশে আর কখনো তা হতে দেওয়া হবে না। প্রয়োজনে জান দেব, কিন্তু ভোটকেন্দ্র ছাড়ব না।” তিনি স্পষ্ট করে দেন যে, কোনো প্রকার কেন্দ্র দখল বা জাল ভোটের চেষ্টা করা হলে সাধারণ মানুষ তা কঠোরভাবে প্রতিরোধ করবে।
হাসনাত আবদুল্লাহ জোটের ঐক্যের কথা পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা এই এলাকাকে দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসমুক্ত করতে একতাবদ্ধ হয়েছি। ব্যালট বাক্স ছিনতাই করার চিন্তা যারা করছেন, তারা সাবধান হয়ে যান।জনসভায় স্থানীয় ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা এবং শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সভার শেষে হাসনাত আবদুল্লাহ ভোটারদের প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য একটি করে ‘স্বেচ্ছাসেবক দল’ গঠন করার নির্দেশনা দেন।
