সোমবার, মার্চ ২, ২০২৬
Homeরাজনীতিবিএনপি কোনো সন্ত্রাসী আচরণ করলে দাঁতভাঙা জবাব দেবে জামায়াত

বিএনপি কোনো সন্ত্রাসী আচরণ করলে দাঁতভাঙা জবাব দেবে জামায়াত

অনলাইন ডেস্ক: জামায়াতের সঙ্গে কোনো সন্ত্রাসী আচরণ করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে একটি দল পরিকল্পিতভাবে মব তৈরি করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন। তিনি বলেন, আগামীতে যদি জামায়াতের দিকে দৃষ্টি দেওয়া হয় বা কোনো সন্ত্রাসী আচরণ করা হয়, তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয়, দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

জামায়াত নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি মিরপুর ৬০ ফিট বারেক মোল্লা থেকে শুরু হয়ে আমতলায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে একথা বলেন মোবারক হোসাইন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. মুহিবুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন, কাফরুল পশ্চিম থানার আমির অধ্যাপক মতিন খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান, মহানগর পশ্চিম সেক্রেটারি মুহিবুল্লাহ হুসাইনসহ স্থানীয় নেতারা।

বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। নির্বাচনী আচরণবিধি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু একটি দল আচরণবিধি মনিটরিংয়ের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন। পরিকল্পিতভাবে মব তৈরি করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তারা যদি আমাদের সঙ্গে বিশৃঙ্খলা করতে আসে, আমরা ছাড় দেব না। দেশের মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়।

তিনি বলেন, জামায়াত সব প্রস্তুতি নিয়েই আগামীতে সব সন্ত্রাসীদের মোকাবিলা করবে ইনশাআল্লাহ। এখানে কোনো সন্ত্রাসীদের বরদাস্ত করা হবে না। আগামীতে যদি জামায়াতের দিকে দৃষ্টি দেওয়া হয় বা কোনো সন্ত্রাসী আচরণ করা হয়, তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয়, দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য