সোমবার, মার্চ ২, ২০২৬
Homeসারাদেশসন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত

সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের আরো তিন সদস্য আহত হন। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মোতালেব র‌্যাব-৭-এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করতে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে র‌্যাবের চারজন সদস্য রক্তাক্ত জখম হন।

পরে থানার পুলিশের সহায়তায় আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। অন্য তিন র‌্যাব সদস্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব নিহত হয়েছেন। এ ঘটনার জঙ্গল সলিমপুরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুর এলাকায় সরকারি পাহাড় ও খাসজমি দখল করে কয়েক হাজার অবৈধ বসতি গড়ে উঠেছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরে পাহাড়খেকো হিসেবে পরিচিত। সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিতি পেয়েছে এটি।

জঙ্গল সলিমপুরের মোট আয়তন প্রায় তিন হাজার ১০০ একর।
সর্বশেষ গত বছরের অক্টোবরে জঙ্গল সলিমপুরে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হন। পরদিন ওই এলাকায় সংবাদ সংগ্রহে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হন দুই সাংবাদিক। এর আগেও একাধিকবার জঙ্গল সলিমপুরে উচ্ছেদ অভিযান ও পাহাড় কাটা বন্ধে অভিযান চালাতে গিয়ে প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ওসি, পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন। ২০২২ সালেও র‌্যাব, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য