সোমবার, মার্চ ২, ২০২৬
Homeশিক্ষাঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের ‘অধ্যাদেশ মঞ্চ’

ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের ‘অধ্যাদেশ মঞ্চ’

অনলাইন ডেস্ক: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ঢাকেবি) অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে অস্থায়ী মঞ্চ নির্মাণ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঞ্চটির নাম দেওয়া হয়েছে ‘ঢাকেবির অধ্যাদেশ মঞ্চ’। এতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন৷

আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা গেছে, মূল ফটকের বাম পাশে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী মঞ্চ। এর পেছনে বড় একটি ব্যানার টাঙানো হয়েছে। ব্যানারে লেখা রয়েছে-আগামী ২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫’-এর ওপর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির দাবি।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে সাত কলেজকে নিয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে তারা আন্দোলন করে আসছেন। এরই মধ্যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। এখন বিলম্ব না করে দ্রুত অধ্যাদেশ জারি করা প্রয়োজন।

কলেজের শিক্ষার্থী মো. আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আমরা সাত কলেজকে নিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে কাজ করছি। অনেক প্রতিকূলতা পেরিয়ে অবশেষে অধ্যাদেশটি চূড়ান্ত হয়েছে। এখন আর সময়ক্ষেপণের সুযোগ নেই। দ্রুত অধ্যাদেশ জারি করে শিক্ষার্থীদের অনিশ্চয়তার অবসান ঘটাতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক স্থিতিশীলতার স্বার্থে সরকারের উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলবে।

অন্যদিকে, এরই মধ্যে শিক্ষার্থীরা সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন।

সে অনুযায়ী আজ শুরু হওয়া ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ ২১ জানুয়ারি পর্যন্ত সাত কলেজের প্রতিটি ক্যাম্পাসে পর্যায়ক্রমে ভ্রমণ করবে। আর এই মঞ্চ থেকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি দেশবাসীর কাছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির যৌক্তিকতা তুলে ধরা হবে।

এরপর আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ মঞ্চ ও ক্যাম্পাসভিত্তিক অধ্যাদেশ মঞ্চ নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে এসে জমায়েত হবেন।

যদি ওইদিন অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এবং গেজেট প্রকাশিত হয়, তাহলে সায়েন্সল্যাবের গণজমায়েত থেকে রাষ্ট্র ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি বৃহৎ বিজয় মিছিল আয়োজন করা হবে।

তবে, কোনো কারণে অধ্যাদেশের অনুমোদন বা গেজেট প্রকাশে ব্যত্যয় ঘটলে ওই গণজমায়েত থেকে যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে বৃহৎ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে অধ্যাদেশের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

এ জাতীয় আরো সংবাদঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদঃ

সাম্প্রতিক মন্তব্য