জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের শীর্ষ নেতাদের স্ত্রী বা নিকটাত্মীয়দের নাম ব্যবহার করে সংরক্ষিত আসনের যে তালিকা প্রচার করা হচ্ছে, তাকে দলটির পক্ষ থেকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে ঘোষণা করা হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন যে, জামায়াতে ইসলামীর মনোনয়ন পদ্ধতি সম্পূর্ণভাবে দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধিমালা অনুসরণ করে পরিচালিত হয়। এখানে একক কোনো সিদ্ধান্তে বা ব্যক্তিগত পরিচয়ে কাউকে মনোনীত করার সুযোগ নেই।
বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর সম্ভাব্য নারী সংসদ সদস্যদের বিষয়ে ভুয়া নাম প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিশেষ করে দলের শীর্ষস্থানীয় নেতাদের স্ত্রী বা নিকটাত্মীয়রা মনোনয়ন পাচ্ছেন বলে যে দাবি করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই। জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীন উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
