শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার সময় এ ঘটনা ঘটে।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই দাবি অস্বীকার করে জানিয়েছে যে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি। অন্তর্বর্তীকালীন সরকারও এক বিবৃতিতে জানিয়েছে যে, অভিযানে কোনো গুলি ছোঁড়া হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন যে, জাবেরসহ আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তাদের শরীরে গুলির কোনো ক্ষত পাওয়া যায়নি। আহতদের শরীরে প্রধানত সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

