মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন পরমাণু চুক্তির জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, ইরান দ্রুত আলোচনায় না এলে নজিরবিহীন সামরিক হামলার শিকার হবে। এর জবাবে ইরান আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়ে তাদের সামরিক শক্তি প্রদর্শনের ঘোষণা দিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তিতে না এলে এবারের হামলা হবে আগের চেয়েও বিধ্বংসী। তিনি ইতিমধ্যে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী আর্মাডা মোতায়েন করেছেন। ইরান স্পষ্ট করেছে যে, অস্ত্রের মুখে তারা কোনো সমঝোতা করবে না। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে তারা প্রস্তুত। ট্রাম্প তার বার্তায় জানান যে ইরানের হাতে সময় খুব কম। তিনি পারস্য উপসাগরের দিকে ইউএসএস আব্রাহাম লিংকন রণতরীসহ একটি বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন এবং গত বছরের চেয়েও বড় হামলার হুমকি দিয়েছেন । উল্টো দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়ে দিয়েছেন, “হুমকি ও চাপের মুখে কোনো আলোচনা হবে না।” ইরান তাদের বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে।

