আগামীকাল ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজশাহীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি ভাষণ দেবেন।
দুপুর ১২:৩০ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে (হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) আয়োজিত বিশাল নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তিনি। রাজশাহী সফর শেষে এদিন বিকেলে তিনি নওগাঁর এটিম মাঠে জনসভায় ভাষণ দেবেন এবং রাতে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন।
এই সফরকে কেন্দ্র করে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ পুরো উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে মাদরাসা ময়দানে বিশাল মঞ্চ নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন স্থানীয় বিএনপি নেতারা । তাঁরা আশা করছেন, এই সমাবেশ ১৭ বছরের ইতিহাসে সর্ববৃহৎ এক জনসমুদ্রে পরিণত হবে।

