Site icon Daily R News

টাঙ্গাইলে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা:চিকিৎসক রিমান্ডে

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের নারী ইন্টার্ন চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে আটক করা হয়েছে । বর্তমানে তিনি ৫ দিনের পুলিশি রিমান্ডে রয়েছেন।

গত ২৫ জানুয়ারি ২০২৬ (রবিবার) সন্ধ্যায় হাসপাতালের সার্জারি ওয়ার্ডের একটি ওয়াশরুমে পেন-ড্রাইভ বা কলমের মতো দেখতে একটি গোপন ক্যামেরা খুঁজে পান এক নারী চিকিৎসক। অভিযোগ ওঠে যে, অভিযুক্ত ইমন ক্যামেরাটি ওই চিকিৎসকের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং প্রমাণ নষ্ট করতে সেটি ভেঙে ফেলেন। পরবর্তীতে ২৬ জানুয়ারি (সোমবার) বিকেলে সাধারণ শিক্ষার্থীরা ইমনকে শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেন। ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব অভিযুক্তের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

তদন্তকালে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তের ডায়েরি ও ব্যক্তিগত তথ্যাদি পর্যালোচনা করছে। কিছু প্রাথমিক তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, ইমন তার পরিকল্পনার বিষয়ে এক নারীর সাথে আলোচনা করেছিলেন। এই ঘটনার পর হাসপাতালের নারী চিকিৎসক ও কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে ।শিক্ষার্থীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

Exit mobile version