Site icon Daily R News

ফের বার্সার ঘরে পিএসজির হানা

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনার তরুণ প্রতিভা পেদ্রো ফার্নান্দেস দলে ভিড়িয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লা লিগার ক্লাবটি থেকে রিলিজ ক্লজের চেয়ে সামান্য বেশি অর্থে (প্রায় ৭ মিলিয়ন ডলার) বার্সার ড্রো ফার্নান্দেস নামে পরিচিত এই ‘বিস্ময়বালক’-কে দলে ভিড়িয়েছে এনরিকের দল।

জানুয়ারিতেই ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করে বার্সা কর্তৃপক্ষকে চমকে দেন ১৮ বছর বয়সী এই আক্রমণভাগের মিডফিল্ডার। মূল দলে নিয়মিত খেলার সুযোগের খোঁজেই এই সিদ্ধান্ত নেন তিনি।

পিএসজিতে যোগ দেওয়ার পর আনুষ্ঠানিক পরিচয় পর্বে ফের্নান্দেস বলেন, ‘প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। এটা আমার এবং আমার পরিবারের জন্য বড় গর্বের মুহূর্ত। এই জার্সির জন্য সর্বোচ্চটা দিতে আমি ভীষণ উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত।’

ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ ক্লাব ফের্নান্দেসকে দলে নিতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত দৌড়ে এগিয়ে যায় পিএসজি।

এই চুক্তিতে বড় ভূমিকা রেখেছেন পিএসজির কোচ লুইস এনরিক।
ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের সূত্র জানায়, এনরিক ব্যক্তিগতভাবে ফোনে কথা বলে ফের্নান্দেসকে ফ্রান্সে পাড়ি জমাতে রাজি করান। উল্লেখ্য, দুজনেরই এজেন্ট সাবেক স্প্যানিশ ফুটবলার ইভান দে লা পেনা।

ফের্নান্দেসের এই সিদ্ধান্ত বার্সেলোনা কোচ হানসি ফ্লিককে ক্ষুব্ধ করেছে।থিয়াগো আলকান্তারা ও পেদ্রির সঙ্গে তুলনা করা তরুণ এই মিডফিল্ডারের ওপর আস্থা ছিল ফ্লিকের।

২০২২ সালে ১৪ বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দেওয়া ফের্নান্দেসকে গত গ্রীষ্মে এশিয়ায় প্রাক-মৌসুম সফরে নিয়ে গিয়েছিলেন ফ্লিক। সেখানে দেগু এফসির বিপক্ষে জয়ের ম্যাচে গোলও করেন তিনি। চলতি মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে তার অভিষেকও করান ফ্লিক।

তবে ফের্নান্দেসের বিদায়ের সিদ্ধান্ত জানানোর পর গত সপ্তাহে ফ্লিক বলেন, ‘যারা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ নয়, আমি তাদের চাই না।

ইঙ্গিত দেন, খেলোয়াড়কে ঘিরে থাকা ‘কিছু মানুষ’ তার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে।

অন্যদিকে ইএসপিএনের সূত্র জানায়, ফ্লিকের কৌশলগত ছকে বার্সার মূল দলে ফের্নান্দেস নিজের জন্য পরিষ্কার কোনো ভবিষ্যৎ দেখছিলেন না। ফ্লিকের পছন্দের ৪-২-৩-১ ফরমেশনে ফ্রেনকি ডি ইয়ং ও পেদ্রি মিডফিল্ডের ভিত্তি হিসেবে থাকায় সুযোগ সীমিত হয়ে পড়েছিল তার জন্য।

এই ব্যবস্থায় ফের্নান্দেসের সেরা ভূমিকা হতে পারত ‘নম্বর ১০’ পজিশনে। কিন্তু সেখানে নিয়মিত খেলেছেন ফেরমিন লোপেজ, দানি ওলমো ও রাফিনিয়া। যেকোন এক প্রান্তে খেলানোর সম্ভাবনা থাকলেও ভবিষ্যতে ‘নম্বর ৮’ হিসেবে নিজেকে গড়ে তুলতে চান তিনি।

চলতি মৌসুমে বার্সার হয়ে পাঁচটি ম্যাচ খেললেও মাঠে ছিলেন মোটে ১৪৮ মিনিট। সর্বশেষ ২ ডিসেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বদলি হিসেবে নামেন তিনি।

ফের্নান্দেসের সিদ্ধান্তে ক্লাব কর্তৃপক্ষও বিস্মিত হয় বলে জানিয়েছে সূত্রগুলো। বার্সার প্রত্যাশা ছিল, ১৮ বছরে পা দেওয়ার পর নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি, যেখানে বাড়ানো হবে রিলিজ ক্লজ।

১২ জানুয়ারি ১৮ বছরে পা রাখেন ফের্নান্দেস। স্প্যানিশ সুপারকোপার ফাইনাল শেষে সৌদি আরব থেকে ফেরার ফ্লাইটে সতীর্থ রাফিনিয়া তাকে জন্মদিনের কেকও দেন। তবে সেটিই হয়ে থাকল বার্সেলোনার জার্সিতে তার শেষ স্মৃতি।

Exit mobile version