Site icon Daily R News

তিন বিশ্ব নেতার লড়াইয়ে উত্তপ্ত রাজনীতি

ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া তিন পরাশক্তি ।

বছরের শুরু থেকেই উত্তপ্ত বিশ্ব রাজনীতির মঞ্চ। ক্ষমতার লড়াইয়ে কে কাকে ছাপিয়ে যাবে তা নিয়ে বিশ্ব মোড়লরা মেতেছে নানা কর্মকাণ্ডে। কেউ স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাচ্ছে। তো কেউ শক্ত হাতে ধরে রাখতে চায় নিকট প্রতিবেশীর লাগাম। আবার কারো টার্গেট অর্থনৈতিক ও প্রযুক্তির প্রভাবে বিশ্বকে মুঠোয় রাখা। সবই নিজের আধিপত্যকে বিশ্বমঞ্চে জানান দেয়া। হোয়াইট হাউজ এই নীতির নাম দিয়েছে ‘আমেরিকা ফার্স্ট’ নীতি। অভিবাসন, অপরাধ, মাদক পাচার এসব ইস্যুতে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে পশ্চিমে যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তার বজায় রাখতে চায়। চীন তার প্রভাব বিস্তার করছে ভিন্ন কৌশলে। অস্ত্রের ঝনঝনানির চেয়ে অর্থনীতিতে মনোযোগী বেইজিং। দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা প্রায় প্রতিটি অঞ্চলে এখন চীনা বিনিয়োগের ছাপ। বিশ্বের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশই আসে চীন থেকে। আর ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র প্রযুক্তি ও খনিজ সম্পদে চীন এগিয়ে আছে আরও অনেকটা। অন্যদিকে ভ্লাদিমির পুতিনের কাছে সোভিয়েত ইউনিয়নের পতন ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক বিপর্যয়। সেই ক্ষত সারাতেই তাইতো চাপে ইউক্রেনসহ সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলো। যুক্তরাষ্ট্র, চীন আর রাশিয়ার এই ক্ষমতার প্রতিযোগিতা বিশ্বকে ঠেলে দিচ্ছে প্রভাব বলয়নির্ভর এক পুরোনো বাস্তবতার দিকে। যেখানে নিয়ম নয়, শক্তিই শেষ কথা।

তবে সবার শঙ্কা যে এই প্রতিযোগিতা চলতে থাকলে বিশ্ব রাজনীতি আরও অনিশ্চিত ও সংঘাতপ্রবণ হয়ে উঠতে পারে। রাজনীতি যেন হয়ে যাবে যুদ্ধক্ষেত্র।

Exit mobile version