অনলাইন ডেস্ক: মাঠের বাইরে সমালোচনা, দর্শকদের দুয়ো আর ক্লাবের অস্থিরতার মধ্যেই কেটেছে গত কয়েকটি দিন। তবে সবকিছুর জবাবটা মাঠেই দিলেন ভিনিসিয়ুস জুনিয়র। মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ৬-১ গোলের বিধ্বংসী জয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে আবারও নিজেকে প্রমাণ করলেন ব্রাজিলিয়ান এই তারকা।
গত সপ্তাহান্তে লেভান্তের বিপক্ষে ম্যাচে নিজ মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকদের তীব্র সমালোচনার মুখে পড়েন ভিনিসিয়ুস।
স্প্যানিশ সুপার কাপের ফাইনাল হার, কোচ পরিবর্তন এবং কোপা দেল রে থেকে অপ্রত্যাশিত বিদায়ের ধাক্কায় তখন অস্থির সময় পার করছিল রিয়াল মাদ্রিদ।
তবে মঙ্গলবার রাতে নতুন কোচ আলভারো অরবেলোয়া অধীনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় লস ব্লাঙ্কোসরা। ঘরের মাঠে মোনাকোকে একপ্রকার উড়িয়ে দেয় তারা। ম্যাচে তিনটি গোল তৈরিতে সরাসরি ভূমিকা রাখেন ভিনিসিয়ুস জুনিয়র, পাশাপাশি ৬৩তম মিনিটে একটি চোখধাঁধানো গোল করে নিজের পারফরম্যান্সে পূর্ণতা আনেন তিনি।
যে গ্যালারি কয়েক দিন আগেও দুয়ো দিচ্ছিল, সেই বার্নাব্যুতেই ম্যাচের শেষদিকে ভেসে আসে ভিনিসিয়ুসের নামে স্লোগান। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি এই উইঙ্গার।
ভিনিসিয়ুস বলেন, ‘গত কয়েক দিন আমার জন্য ভীষণ কঠিন ছিল। দুয়ো আর আমাকে নিয়ে বলা নানা কথাই সেটা আরো কঠিন করে তুলেছিল।
আমি চাই মাঠের বাইরের বিষয় নয়, মাঠে যা করি এবং এই ক্লাবের জন্য যা করেছি, সেটার জন্যই যেন আমাকে মনে রাখা হয়।’
রিয়াল মাদ্রিদের জার্সিতে আট বছরে ক্লাবের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৪টি শিরোপা জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র। সাম্প্রতিক সময়ে চুক্তি ইস্যু ও কোচিং স্টাফের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় থাকলেও, মোনাকোর বিপক্ষে এই পারফরম্যান্স আবারও প্রমাণ করল, বড় মঞ্চে বড় ম্যাচের খেলোয়াড় তিনি।
শেষে ভিনিসিয়ুস যোগ করেন,এই ক্লাবে প্রত্যাশা সব সময়ই অনেক বেশি। আমি সব সময় সেরা ছন্দে থাকব না, কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, কারণ এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে।
মোনাকোর বিপক্ষে এই দাপুটে জয় শুধু শেষ ষোলোর পথে রিয়ালের অগ্রযাত্রাই নিশ্চিত করেনি, বরং ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সমর্থকদের সম্পর্কেও নতুন করে আশার আলো জ্বালিয়েছে।

