অনলাইন ডেস্ক: চীনা-নির্মিত সরঞ্জাম ধাপে ধাপে বাদ দিতে উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর ফলে হুয়াওয়ে ও জেডটিই-এর মতো কম্পানিগুলোকে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও সৌর জ্বালানি ব্যবস্থাসহ বিভিন্ন খাত থেকে নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, বর্তমানে উচ্চঝুঁকিপূর্ণ সরবরাহকারীদের সীমিত করার যে ব্যবস্থা রয়েছে, তা স্বেচ্ছামূলক।
তবে ইইউর প্রস্তাবিত সাইবার নিরাপত্তা নীতির মাধ্যমে এটি সদস্য দেশগুলোর জন্য বাধ্যতামূলক করা হতে পারে বলে প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে।
স্পেন ও জার্মানির মতো বড় বাজারের কিছু টেলিকম কম্পানি এর আগে এ ধরনের পদক্ষেপ বাস্তবায়নে অনীহা দেখিয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি আজ মঙ্গলবার উপস্থাপন করা হবে।
চীনা সরঞ্জাম ধাপে ধাপে বাদ দেওয়ার সময়সূচি নির্ভর করবে ইইউর জন্য সম্ভাব্য ঝুঁকি ও সংশ্লিষ্ট খাতের ওপর।
পাশাপাশি বিকল্প সরবরাহকারীর প্রাপ্যতা ও ব্যয়ও বিবেচনায় নেওয়া হবে।
রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি। ইউরোপীয় কমিশন, চীনের বাণিজ্য মন্ত্রণালয়, হুয়াওয়ে ও জেডটিই-কেউই এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
রয়টার্স গত ডিসেম্বর জানায়, ইউরোপে চীনা সরঞ্জাম ব্যবহারের বিষয়ে কিছু সরকারের কঠোর অবস্থান এবং ৫জি নেটওয়ার্ক বিস্তারে ধীরগতির প্রেক্ষাপটে হুয়াওয়ে পূর্ব ফ্রান্সে সদ্য সম্পন্ন একটি কারখানার ভবিষ্যৎ নিয়ে ভাবছে।

