অনলাইন ডেস্ক: জ্যামাইকার স্প্রিন্টিং কিংবদন্তি উসাইন বোল্ট ২০২৮ সালের লস অ্যাৃঙঞ্জেলেস অলিম্পিকে আবারও ফিরতে চান, তবে এবার লক্ষ্য ট্র্যাক নয়, ক্রিকেট। ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, আর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য এলএ২৮ গেমস চলবে ১২ থেকে ২৯ জুলাই ২০২৮ পর্যন্ত।
অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের প্রাক্কালে বোল্ট জানিয়েছেন, ব্যাট ও বল হাতে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার ব্যাপারে তিনি ভীষণ আগ্রহী। ক্রিকেটপাগল ক্যারিবিয়ান অঞ্চলে বেড়ে ওঠা বোল্ট আসলে শুরুতে একজন ফাস্ট বোলার হতে চেয়েছিলেন, এরপরই তিনি বিশ্বের সবচেয়ে পরিচিত স্প্রিন্টারে পরিণত হন।
বাস্তবে ক্রিকেটই ছিল বোল্টের প্রথম ভালোবাসা। হাইস্কুলে পড়ার সময় তার ক্রিকেট কোচই তাকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চেষ্টা করতে উৎসাহ দেন। সেই সিদ্ধান্ত ক্রীড়া ইতিহাসের গতিপথ বদলে দেয়, তবে ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসা কখনোই গোপন করেননি বোল্ট।
এস্কোয়ার ম্যাগাজিনে কথা বলতে গিয়ে মজা করে বোল্ট বলেন, জ্যামাইকার ক্রিকেট কর্তৃপক্ষ যদি ডাক দেয়, তাহলে তিনি সাড়া দিতে প্রস্তুত।
আমি পেশাদার খেলাধুলা থেকে সুখেই অবসর নিয়েছি। অনেকদিন ক্রিকেট খেলিনি, কিন্তু যদি তারা ডাকে, আমি প্রস্তুত থাকব! (হাসি),-বলেন বোল্ট।
উসাইন বোল্ট সর্বকালের সেরা স্প্রিন্টার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। তার ঝুলিতে আছে ৮টি অলিম্পিক স্বর্ণ এবং ১১টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ স্বর্ণ।
২০১৭ সালে তিনি অ্যাথলেটিক্স থেকে অবসর নেন ইতিহাসের সবচেয়ে সফল স্প্রিন্টার হিসেবে, টানা তিনটি অলিম্পিক গেমসে-বেইজিং ২০০৮, লন্ডন ২০১২ ও রিও ২০১৬-১০০ ও ২০০ মিটার দু’টি ইভেন্টেই স্বর্ণ জিতে।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত) ব্র্যান্ড অ্যাম্বাসাডরও ছিলেন বোল্ট। এর আগে ২০১৪ সালে ভারতে যুবরাজ সিং ও হরভজন সিংয়ের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচেও অংশ নেন তিনি। এখনো তার দখলেই রয়েছে ১০০ মিটারের (৯.৫৮ সেকেন্ড) ও ২০০ মিটারের (১৯.১৯ সেকেন্ড) বিশ্বরেকর্ড, যা তিনি ২০০৯ সালের বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়েছিলেন এবং এক দশকেরও বেশি সময় ধরে অক্ষত রয়েছে।
এদিকে, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটে পুরুষ ও নারী বিভাগে ছয়টি করে দল অংশ নেবে।
প্রতিটি টুর্নামেন্টে ৯০ জন ক্রীড়াবিদের কোটা থাকবে এবং প্রতিটি দেশ সর্বোচ্চ ১৫ জনের স্কোয়াড ঘোষণা করতে পারবে। নারী বিভাগের পদক ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জুলাই, আর পুরুষদের পদক নির্ধারণী ম্যাচ হবে ২৯ জুলাই।
অলিম্পিকে ক্রিকেটের প্রথম এবং একমাত্র উপস্থিতি ছিল ১৯০০ সালের প্যারিস গেমসে। সেখানে এক ম্যাচের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে গ্রেট ব্রিটেন স্বর্ণ জিতেছিল, অলিম্পিক ইতিহাসে ক্রিকেটের এক সংক্ষিপ্ত কিন্তু স্মরণীয় অধ্যায়। সূত্র : ইন্ডিয়া টুডে

